উত্তরায় পাম্প থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ইলিয়াস সিকদার, জাফর, রবিউল, মিন্টু রাহী, সাগর বারী।
শুক্রবার তাদেরকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি জানিয়েছেন ডিবির প্রধান শফিকুল ইসলাম।

তিনি জানান, উত্তরায় তেল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামতও উদ্ধার করেছে পুলিশ।
এর আগে রোববার (৯ আগস্ট) সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তদন্ত শুরু করে।
এমআইকে/এমআর




