বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

তারেক রহমানের প্রশংসায় আসিফ নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের প্রশংসায় আসিফ নজরুল
তারেক রহমান ও আসিফ নজরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে মনোনীত করায় দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

দীর্ঘ দুই যুগ পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ বঙ্গভবনে একজন উপযুক্ত ও ব্যক্তিত্ববান আসীন হতে যাচ্ছেন উল্লেখ করে মির্জা ফখরুলকে আগাম অভিনন্দনও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক লিখেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই। দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহুবছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।

শেখ হাসিনা সরকারের সময়ে মির্জা ফখরুলের অবদান ও ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।

রাষ্ট্রপতি পদে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সরকারের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, ধন্যবাদ বিএনপি চেয়াম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, এর আগে জাতীয় সংসদের স্পিকার হিসেবে অভিজ্ঞ প্রবীণ রাজনীতিক হাফিজ উদ্দিন আহমদকে নির্বাচিত করার সময়ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন ড. আসিফ নজরুল।

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর