সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত, মন্ত্রণালয়ে পাঠাল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত, মন্ত্রণালয়ে পাঠাল ইসি
নির্বাচন কমিশন। ফাইল ছবি

স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের নতুন আচরণবিধির খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনের জন্য আলাদা আচরণবিধি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ইসির উপসচিব মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচ প্রতিষ্ঠানের আচরণ বিধিমালা কমিশন অনুমোদন করলে গতকালই (রোববার) তা আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

নতুন আচরণবিধিতে সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। তবে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও প্রথমবারের মতো বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বিলবোর্ডের সর্বোচ্চ আকার ১৬ ফুট বাই ৯ ফুট। ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ থাকলেও এআইয়ের অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যয়ও নির্বাচনি ব্যয়ের মধ্যে দেখাতে হবে।

মাইক বা শব্দবর্ধনকারী যন্ত্র ব্যবহারের সময় দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ক্যারাভান বা ভ্রাম্যমাণ বাহনেও প্রচারের সুযোগ থাকছে। আচরণবিধি লঙ্ঘনের জরিমানা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি প্রার্থিতা বাতিলের বিধানও রাখা হয়েছে।

ইউপি ও সিটি নির্বাচনে প্রতি ওয়ার্ডে একটি করে, উপজেলা নির্বাচনে সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদে প্রতি থানা/উপজেলায় একটি করে বিলবোর্ড ব্যবহার করা যাবে। জেলা পরিষদ নির্বাচনে মাইক ব্যবহারের সুযোগ রাখা হয়নি।

২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান চালু হলেও এবার এসব নির্বাচন নির্দলীয় প্রতীকে করার প্রস্তুতি নিচ্ছে ইসি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সংসদ নির্বাচনের আইন-বিধির সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় সরকার নির্বাচনের ২০২৬ সালের আচরণবিধি করা হয়েছে।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর