শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

জাপানের শ্রমবাজার উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

জাপানের শ্রমবাজার উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। - ফাইল ছবি

জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় বাংলাদেশের তরুণদের ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) জাপানের ওসাকার একটি কমিউনিটি সেন্টারে ওসাকা ও কোবেতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী এবং কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য শুধু বিদেশে জনশক্তি পাঠানো নয়; বরং দক্ষ, ভাষাজ্ঞানসম্পন্ন ও বিশ্বমানের মানবসম্পদ তৈরি করা। এ জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তরুণদের প্রস্তুত করতে ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সরকার কাজ করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। জাপানের মতো উন্নত দেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা গেলে তা কর্মসংস্থান, বৈদেশিক আয় এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

ববি হাজ্জাজ আরও বলেন, ‘ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

তিনি বলেন, ‘অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দেবে। বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিজ্ঞতা শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন, ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জাতীয় মাননিয়ন্ত্রণ (অ্যাক্রেডিটেশন) ব্যবস্থা চালু, ভাষা শিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গঠন এবং জাপানসহ বিভিন্ন দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি), তথ্যপ্রযুক্তি শিক্ষা এবং জাপানের শ্রমবাজারের চাহিদার মধ্যে আরও কার্যকর সমন্বয়ের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিদেশে শিক্ষা বা প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আসা শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা প্রকৌশল, প্রযুক্তি ও অটোমোটিভ শিল্পসহ বিভিন্ন খাতে কাজে লাগানোর জন্য নীতিগত সহায়তার প্রস্তাবও তুলে ধরা হয়।

এসব সুপারিশের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন, ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের মাননিয়ন্ত্রণ ব্যবস্থা, ভাষা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার। পাশাপাশি বিদেশফেরত তরুণদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের শিল্প, প্রযুক্তি ও উৎপাদন খাতে কাজে লাগানোর বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।’

সভায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর