বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

১৬ বছরে বিনা বিচারে সাড়ে ৪ হাজার মানুষ হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

১৬ বছরে বিনা বিচারে সাড়ে ৪ হাজার মানুষ হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী
কথা বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ঢাকা মেইল

গত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারের বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে। বিরোধী মত দমনে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এক আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘গুম হওয়া সাত শ'র বেশি মানুষের স্বজনেরা এখনও প্রিয়জনের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও রাজনৈতিক হয়রানির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়। গুমের শিকার হওয়া ৭০০ এর বেশি মানুষের স্বজনেরা আজও তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ফিরে আসার প্রতীক্ষায় রয়েছেন।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন, দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নাচ ও গানের মতো বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি স্বীকৃত শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘আবৃত্তিচর্চার বিকাশ এবং শিল্প-সংস্কৃতির প্রসারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর