নতুন প্রজন্মের মধ্যে পবিত্র আল-কুরআনের হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও সুন্দর কণ্ঠে কুরআন পাঠের চর্চা উৎসাহিত করতে আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ‘হিফজুল কোরআন ও হুসনে সাউত প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া আয়োজন বিকেল ৫টায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।
আয়োজকরা জানান, ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত ১০ পারা সম্পন্ন হাফেজ শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। হিফজুল কোরআন ও হুসনে সাউত—দুই বিভাগে প্রায় ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করে নিজেদের তিলাওয়াত ও মেধার পরিচয় দেন। দিনব্যাপী এ আয়োজন অভিভাবক, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সাড়া পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সেক্রেটারি জেনারেল মাওলানা মুস্তাফিজর রহমানী, অর্থ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক ইমাদুদ্দিন আল-মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সচিব সাফিজ উদ্দিন আহমেদ, নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, আজিজ গ্রুপের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী এবং শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। এছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, হাফেজ, কারী, ইসলামি ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিপুলসংখ্যক মুসল্লি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনের শিক্ষা, হিফজ ও শুদ্ধ তিলাওয়াতের চর্চা ব্যক্তি ও সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও তাকওয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আগামী প্রজন্মকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন সময়ের দাবি।
আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু প্রতিযোগিতার আয়োজন নয়, বরং কুরআনের আদর্শে গড়ে ওঠা একটি প্রজন্ম তৈরি করা, যারা নিজেদের জীবন পরিচালনার পাশাপাশি সমাজে ইসলামের সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও কুরআনের খেদমত, দ্বীনি শিক্ষা ও মানবকল্যাণে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সনদ, নগদ অর্থ ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান আজহারী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল ওয়াহদা ফাউন্ডেশন ভবিষ্যতেও পবিত্র আল-কুরআনের শিক্ষা, হিফজ, তিলাওয়াত, দাওয়াহ, মানবসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে।
/এএস




