শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের সাক্ষাৎ, বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের সাক্ষাৎ, বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস

বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিশেষ দূত সার্জিও গোর। তিনি জানান, বাংলাদেশে স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র তাদের ট্রাভেল এডভাইসারীর ইতিবাচক সংশোধন করেছে, যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত বলে বার্তা দেবে।

শনিবার (০১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অত্যন্ত উষ্ণ ও হৃদ্যতামূলক পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আগামী মাসে ‘ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল’-এর একটি প্রতিনিধিদলের সফর এবং ঢাকায় মার্কিন বিনিয়োগকারীদের একটি ‘ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট’ আয়োজনের আগ্রহের বিষয়টি তুলে ধরেন সার্জিও গোর।

এছাড়া, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)-এর পরীক্ষাকার্য পুনরায় শুরু করা এবং আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)-এর মাধ্যমে বিনিয়োগ সহযোগিতার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন মার্কিন বিশেষ দূত। 

প্রধানমন্ত্রী ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম, কৃষি ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান।

আইটি খাতে সম্ভাবনা দেখে সার্জিও গোর বাংলাদেশকে ভবিষ্যতে ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার করার বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানান।

আলোচনায় রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সফরের অভিজ্ঞতা জানিয়ে মার্কিন বিশেষ দূত বাংলাদেশে মানবিক সহায়তার প্রশংসা করেন এবং এ সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানের জন্য আসিয়ানসহ সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

অন্যদিকে, রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের অবদান হওয়ায় মার্কিন সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আরিফুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর