রাজধানী ঢাকাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি নিজেই গাড়ি চালিয়ে গুলশান থেকে শ্যামলীসহ ঢাকা উত্তরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৫ মিনিটে তার গুলশানের বাসভবন থেকে বের হন। তিনি নিজেই ড্রাইভ করে উত্তর সিটির বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।

তিনি আরও জানান, বিকেল ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করতে দেখা যায়।
জানা গেছে, প্রধানমন্ত্রী বার বার তাগিদ দিয়েছেন যে তিনি ঢাকাকে একটি আধুনিক ও ‘ক্লিন সিটি’ হিসেবে দেখতে চান। সেই প্রতিশ্রুতি থেকেই রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন চলছে, তা দেখতে তিনি নিজেই সরজমিনে বের হয়েছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িতে তার সঙ্গে ছিলেন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
বিইউ/এমআই




