রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আট তলা থেকে লাফিয়ে রিয়া (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এরপর ভোর সোয়া ৫টার দিকে মারা যান সেই নারী।
শুক্রবার (৩১ জুলাই) ভোর রাত ৩টার দিকে ঢামেকের নতুন ভবনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রিয়ার বাড়ি পাবনা সদরের ভাদুরডাঙ্গি গ্রামে। তার বাবার নাম লতিফ মল্লিক।
নিহতের বাবা লতিফ মল্লিক জানান, গত পাঁচ দিন ধরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন রিয়া। ভোররাতে পাশের রোগীর স্বজনরা তাকে জানায় যে, রিয়া বেড থেকে বেরিয়ে গেছে। ছাদে যাচ্ছে নিচে লাফ দিতে। এরপর তিনি দ্রুত ছুটে যান। কিন্তু ততোক্ষণে রিয়া নিচে পড়ে গেছেন।
তিনি আরও জানান, ছাদে যাওয়ার পর লোকজন ছুটে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে। তবে তিনি কারও কথা শোনেনি। এরপর লাফ দিলে নিচে থাকা একটি প্রাইভেট কারের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লতিফ মল্লিক জানান, এসএসসি পাসের পর মেয়েকে সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর স্বামী দেশে এসে আবার বিদেশে ফিরে যান। দীর্ঘদিনেও সন্তান না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। সম্প্রতি তার মানসিক সমস্যাও বেড়ে যায়। প্রায়ই অসংলগ্ন কথা বলতেন এবং নিজের অবস্থান নিয়ে বিভ্রান্তিতে ভুগতেন। এ ছাড়া জিহ্বায় ঘা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এক নারী ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন এবং পরে মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এমআইকে/এফএ




