শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর, নিহত ৭ জাপানিকে জাইকার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর, নিহত ৭ জাপানিকে জাইকার শ্রদ্ধা
হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর পূর্তি উপলক্ষে নিহত সাত জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ছবি: সংগৃহীত

হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর পূর্তি উপলক্ষে নিহত সাত জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। একই সঙ্গে ওই হামলায় ক্ষতিগ্রস্ত অন্যদেরও স্মরণ করা হয়েছে। অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বুধবার (২ জুলাই) রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রে (এমইআইসি) আয়োজিত স্মরণসভায় জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো, দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুইয়া, বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোআকি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচিসহ জাপান সরকার ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, নিহতদের পরিবারের সদস্য, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট অংশীজনও অংশ নেন।

স্মরণসভায় বক্তারা বলেন, ‘হলি আর্টিজান হামলায় নিহত সাত জাপানি নাগরিক বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের প্রাথমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের অবদানের ভিত্তিতেই ঢাকা মেট্রোরেল বাস্তবায়নের পথ সুগম হয়। বর্তমানে এই গণপরিবহনব্যবস্থা রাজধানীর লাখো মানুষের যাতায়াতে ভূমিকা রাখছে এবং এটি বাংলাদেশ-জাপান অংশীদারত্বের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।’

অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তবে সেদিনের মর্মান্তিক ঘটনায় আমরা যাদের হারিয়েছি, তারা চেয়েছিলেন বাংলাদেশের মানুষ আরও উন্নত পরিবেশে জীবনযাপন করুক। আমরা তাদের সেই স্বপ্ন বুকে ধারণ করে এবং নিরাপত্তার প্রতি দৃঢ় অঙ্গীকার রেখে উন্নয়ন সহযোগিতা এগিয়ে নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার দশম বার্ষিকীতে বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে জাইকা। ঢাকা মেট্রোরেল দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, যৌথ উদ্যোগ এবং টেকসই উন্নয়নের প্রতীক।’

অনুষ্ঠানে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে যুক্ত বিভিন্ন জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল, টোকিউ কনস্ট্রাকশন, টোয়া কর্পোরেশন, তেক্কেন কর্পোরেশন, নিপ্পন সিগন্যাল, কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ, নিপ্পন কোই, মারুবেনি কর্পোরেশন ও মিতসুবিশি কর্পোরেশন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকাতুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর