রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা-১৫ আসনের উন্নয়নে এক কাতারে সরকার-বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

ঢাকা-১৫ আসনের উন্নয়নে এক কাতারে সরকার-বিরোধী দল
স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে এসব সমস্যার সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার ও বিরোধীদল। ছবি: ঢাকা মেইল

ঢাকা-১৫ আসনের পানি ও গ্যাস সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল দখলমুক্ত ও সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, কিশোর অপরাধ প্রতিরোধ এবং অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে মাঠে নেমেছে সরকারি দল ও বিরোধী দল। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে এসব সমস্যার সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (১ জুলাই) ঢাকা-১৫ আসনের চারটি এলাকায় পৃথক মতবিনিময় সভা ও সরেজমিন পরিদর্শনে অংশ নিয়ে তারা এসব আশা ব্যক্ত করেন।

এর আগে সকালে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলি থেকে আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয়। পরে পূর্ব মনিপুরের বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকারবাড়ি মোড় (৪ নম্বর ওয়ার্ড) এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় ডেঙ্গু পরিস্থিতি, পশ্চিম শেওড়াপাড়া খালের অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস ও পানির সংকটসহ বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও মতামত শোনেন।

7fb75c70-e322-4ce7-93f1-b4d0f0399256

ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতীয় সংসদে তিনি ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরার পর প্রধানমন্ত্রী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। এরই ধারাবাহিকতায় ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে এলাকায় এসে জনগণের সমস্যার সমাধানে কাজ শুরু করেছে।’

তিনি বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে পানির সংকট, গ্যাসের সমস্যা, ডেঙ্গুর প্রকোপ, কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ নানা ধরনের নাগরিক সমস্যা রয়েছে। এসব সমস্যা শুধু সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।’

বিরোধীদলীয় নেতা এলাকার প্রতিটি নাগরিককে আইনশৃঙ্খলা রক্ষা, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

e8c01520-afde-4ece-bbf2-98f25f59561f

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে এবং তাদের সমস্যার কথা শুনতে এলাকায় এসেছেন। তিনি বলেন, ঢাকা-১৫ আসনের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধান করা হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিরোধী দলও অংশীদার হবে। জনগণকে সঙ্গে নিয়েই ঢাকা-১৫-কে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রতিদিন বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, ড্রেন ও সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করে এলাকার উন্নয়ন নিশ্চিত করবে।’

তিনি এলাকাবাসীর প্রতি ডেঙ্গু প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা রক্ষা এবং সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

7aa28d03-6dfe-4034-90a0-53b03fe6ef8e

মতবিনিময় সভায় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরীপাড়ার দীর্ঘদিনের পানির সংকট নিরসনে পাঁচটি নতুন পানির পাম্প নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়। এ জন্য দ্রুত স্থান নির্ধারণে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক প্রত্যেকে নিজ নিজ তহবিল থেকে প্রতিটি পানির পাম্প নির্মাণে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর