সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

২০ জুন থেকে বিমানের নারিতা রুটের টিকিট বিক্রি শুরু হবে: বিমান মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

Rita

বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি জানান, আগামী ২০ জুন থেকেই এই রুটের টিকিট বিক্রি শুরু হবে। তবে ফ্লাইট চালু হবে আগামী ২৭ জুলাই।

সোমবার (১৫ জুন) তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা-নারিতা রুটের সর্বশেষ অগ্রগতি ও সরকারের মহাপরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী জানান, আগামী ২০ জুন থেকে বিমানের ওয়েবসাইটসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে ঢাকা-নারিতা রুটের টিকিট বিক্রয় কার্যক্রম একযোগে উন্মুক্ত করা হবে। যাত্রীদের সুবিধার্থে টিকিটের যৌক্তিক মূল্য বজায় রাখার কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিমানমন্ত্রী জানান, আমরা প্রাথমিকভাবে আমাদের সর্বাধুনিক ওয়াইড বডি ‘বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার’ (Boeing 787-8 Dreamliner) এর মাধ্যমে এই রুটে ফ্লাইট পরিচালনা করব। পরবর্তীতে বিমান বহরে আরও এয়ারক্রাফট সংযোজন এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনা করে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হবে।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর জাপান ও বাংলাদেশের মধ্যকার জনসম্পৃক্ত যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি করার লক্ষ্যে এই রুটটি পুনরায় চালু করার বিষয়টিকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়া হয়েছে।

তিনি আরও যোগ করেন, জাপানে বর্তমানে বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী শিক্ষার্থী ও কর্মজীবী মিলে ৪০ হাজার বাংলাদেশি জাপানে আছেন। দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক সহযোগিতা জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে ঢাকা-নারিতা রুটটি দীর্ঘমেয়াদে লাভজনক, টেকসই এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন


এর আগে রুটটি বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী জানান, এই রুটটি লাভবান হওয়ার মতো হলেও রাজনৈতিক কারণে এটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

ফের চালুর প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন করে ফ্লাইট চালুর লক্ষ্যে জাপান সিভিল এভিয়েশন ব্যুরো (JCAB) কর্তৃপক্ষের প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা এবং অন্যান্য সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি জানান, আন্তর্জাতিক নিয়ম মেনে আগামী ২৭ জুলাইকে সম্ভাব্য দিন ধার্য করে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই ঐতিহাসিক রুটটি পুনরায় চালু করার জন্য কাজ করে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংবাদ সম্মেলনের শেষভাগে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, কার্যকর বিপণন কৌশল এবং যাত্রী আস্থা অর্জনের মাধ্যমে নতুন এই রুটটি শুধু বাণিজ্যিকভাবে লাভজনকই হবে না, বরং আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করবে।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর