পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (১৫ জুন) দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
চিফ প্রসিকিউটর বলেন, বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড নন, তিনি একসময় সরকারও চালাতেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন। এই পরিচিতির কারণ হলো, এমন কোনো দুষ্কর্ম নেই যা তিনি তাঁর কর্মজীবনে করেননি। তবে আওয়ামী লীগের শেষ সময়ে দলটির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁর এসব কুকীর্তি প্রকাশ্যে আসে। গণমাধ্যমের মাধ্যমে জাতি বেনজীরের নানা কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। এ কারণেই তাঁর বিরুদ্ধে তখন মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন।
আমিনুল ইসলাম বলেন, বেনজীরের বিরুদ্ধে প্রায় ১০টি মামলার তদন্ত চলছে। প্রতিটি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এর মধ্যে র্যাবের মহাপরিচালক থাকাকালে সংঘটিত গুমের ঘটনায় করা একটি মামলার বিচার চলছে। তিনি শাপলা চত্বরের ঘটনার অন্যতম কুশীলব ছিলেন। দায়িত্ব পালনকালে অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে ঘিরে যত বিতর্ক
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে বেনজীরের বিতর্কিত ভূমিকা ছিল। অবৈধ নির্বাচন আয়োজনের অন্যতম কারিগর ছিলেন তিনি। এ দেশের গণতন্ত্র নস্যাৎ করতে হাজারো মানুষকে বিনা বিচারে হত্যা করাসহ নানা ঘটনার দায় তাঁর ওপর বর্তায়। অতএব, তার বিচারের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।
সংবাদ সম্মেলনে প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার, মার্জিনা রহমানসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
এআর




