ঢাকার খালগুলোর সীমানা নির্ধারণ ও পুনরুদ্ধার কার্যক্রমকে গতিশীল করতে দুটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কমিটিগুলো আগামী তিন মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার সকল খাল ডিমার্কেশনপূর্বক সীমানা চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এরমধ্যে একটি কমিটি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং অন্যটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার খালগুলো নিয়ে কাজ করবে।
গত বৃহস্পতিবার এক জরুরি সভায় ঢাকার খালগুলোর সীমানা নির্ধারণ, পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ঢাকার দুই সিটির জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার এক অফিস আদেশে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ১১ সদস্যবিশিষ্ট ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির ১১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক ডিএসসিসির প্রধান প্রকৌশলী। আর কমিটির সদস্যরা হলেন— ডিএসসিসি সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং কন্সট্রাকশান সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা ওয়াসা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ অধিদফতরের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
অন্যদিকে ঢাকা উত্তর সিটির কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে। কমিটির সদস্যরা হলেন— ডিএনসিসি সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং কন্সট্রাকশান সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা ওয়াসা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ অধিদফতরের প্রতিনিধি।
অফিস আদেশে জানানো হয়, প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রশাসকের পরামর্শ গ্রহণ করা যাবে এবং অন্যান্য সদস্য কো-অপ্ট করতে পারবে।
এএম/এফএ




