আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের রাজধানীর ৬টি হাসপাতালে রেফার করা হয়েছে। একইসঙ্গে রেফারকৃত রোগীদের যথাযথ চিকিৎসা প্রদান করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (১২ জুন) অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
অধিদফতর জানায়, ‘গত ১১ জুন রাজধানীর আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকার লাইসেন্স বাতিল করা হয়েছে। এমতাবস্থায় উক্ত হাসপাতাল হতে রেফারকৃত রোগীকে তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এতে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের অনুমোদন রয়েছে।’
আদেশ বাস্তবায়ন করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকসহ ৬টি হাসপাতালের পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১১ জুন আদ্-দ্বীন ফাউন্ডেশনে জানিয়েছে, বর্তমানে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে এবং ১১ জুন প্রায় ১ হাজার রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়েছে। এছাড়া এনআইসিইউতে ৬০ জন নবজাতক শিশু, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন রোগী ভর্তি রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ জন্য তাঁকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে এই নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর।
এসএইচ/এমআই




