এক ঘণ্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শুক্রবার (১২ জুন) বিকেলে ঢাকায় বৃষ্টি হয়। বৃষ্টির পর মালিবাগ, শান্তিবাগের আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতার চিত্র দেখা গেছে।
মৌচাক-মগবাজার এলাকার সড়কটি পানিতে তলিয়ে গেছে। ফলে মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। বাসে এই সড়ক পাড়ি দিয়ে আসা সাখাওয়াত কৌশিক বলেন, পুরো রাস্তা পানির নিচে। মানুষ চলাচল করতে পারছেন না।
জাহিদুল ইসলাম নামে এক পথচারী বলেন, একটু বৃষ্টিতেই এ এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এখানকার ড্রেনেজ ব্যবস্থা কার্যকর নয়।
এদিকে বৃষ্টিতে রাজধানীজুড়েই সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হওয়ার খবর পাওয়া গেছে। সড়কে পানি জমে যাওয়ায় অনেক জায়গায় যান চলাচল ধীরগতি হয়ে পড়েছে।
মালিবাগ এলাকার সড়কেও জলজট তৈরি হতে দেখা গেছে। আবির নামের এক পথচারী বলেন, বৃষ্টি হলে এখানকার অবস্থা সব সময় এমন থাকে।
বৃষ্টিতে মোমেনবাগে মিলিনিয়াম ইউনিভার্সিটির গলিতে হাটু পানি জমে গেছে। এতে সেখানকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন বলেন, সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় পানি জমে যায়। আজ বৃষ্টির কারণে জলাবদ্ধতা বেশি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারকে শুক্রবার সন্ধ্যার পর ফোন করা হলে তিনি কেটে দেন। তবে সম্প্রতি তিনি ঢাকা মেইলকে বলেছিলেন, নগরবাসীকে জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি দিতে তারা কাজ করছেন।
এএম/ক.ম




