রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেল বিক্রিতে পরিমাপ জালিয়াতির অভিযোগে দুটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিএসটিআই সূত্রে জানা যায়, গ্রাহকদের জ্বালানি তেল পরিমাপে কারচুপি রোধে রোববার (৭ জুন) ও সোমবার (৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
রোববার দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় অবস্থিত সোহরাব সার্ভিস স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি ইউনিটে গুরুতর অনিয়ম ধরা পড়ে। পরীক্ষায় দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি তেলে যথাক্রমে ১ হাজার ৮০ মিলিলিটার এবং ৯৮০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন
ফের কমল জেট ফুয়েলের দাম
এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারচুপির সঙ্গে জড়িত দুটি ডিসপেন্সিং ইউনিট তাৎক্ষণিকভাবে বন্ধ করে সিলগালা করা হয়।

বিজ্ঞাপন
অন্যদিকে সোমবার রাজধানীর মগবাজারে সাংবাদিক সেলিনা পারভীন সড়কে অবস্থিত মইন মটরস ফিলিং স্টেশনের অকটেন ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে বিএসটিআই। এ সময় প্রতি ১০ লিটারে ৮০ মিলিলিটার জ্বালানি কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ইউনিট সিলগালা করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম ও সাবেকুন নাহার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম। অভিযানে আরও অংশ নেন ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা এবং পরিদর্শক (মেট্রোলজি) রেজওয়ানুল ইসলাম।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জ্বালানি তেল পরিমাপে অনিয়ম ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেবি




