বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

দেশ গঠনে যুবসমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

Aminul Haque
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশ গঠনে যুবসমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং যেকোনো ধরনের ভুল ও অন্যায় কাজ প্রতিরোধে সক্রিয় থাকতে হবে।

বুধবার (২০ মে) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘যুব সমাবেশ-২০২৬’ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ধারাবাহিকতায় আজ একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন। এই অর্জনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার যুবসমাজের চাহিদা ও সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার ওপর তিনি জোর দেন।

আধুনিক প্রযুক্তির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে যুবসমাজকে প্রযুক্তির ইতিবাচক দিক গ্রহণ করতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘ন্যায় ও সততার পক্ষে অবস্থান নিয়ে সমাজে যেকোনো অনিয়ম প্রতিরোধ করতে হবে। পাশাপাশি যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে।’

বেকারত্ব নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের যুব উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্যই হলো প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে কর্মসংস্থান সৃষ্টি করা। বর্তমানে বিদেশে ‘কেয়ার গিভার’ পেশায় ব্যাপক চাহিদা রয়েছে বলেও তিনি জানান। এ খাতে দক্ষ জনবল তৈরি করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে তিনি যুব কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ‘যুব সমাবেশ’ ঢাকাকেন্দ্রিক না রেখে পর্যায়ক্রমে বিভাগ ও জেলা পর্যায়ে আয়োজনের নির্দেশনা দেন।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর