বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

নিরাপদ নগরী গড়াই প্রধান চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

DMP NEWS
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। ছবি: ঢাকা মেইল

একটি নিরাপদ নগরী গড়ে তোলাই প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। এ লক্ষ্য অর্জনে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘একটি নিরাপদ মহানগরী গড়ে তোলাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। কারণ এই নিরাপদ নগরী গড়ে তোলার জন্য যেসব কাজ করতে হবে, সেসব কাজে জনগণের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।’

নতুন ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের পুলিশ সদস্যের সংখ্যা অপ্রতুল। দ্রুত নগরায়ণ, জনসংখ্যার অতিরিক্ত চাপ, ভাসমান জনগোষ্ঠীর বৃদ্ধি এবং বস্তি এলাকায় অপরাধের প্রবণতা বেশি—এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ, বিশেষ করে অনলাইন প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি ও সাইবার অপরাধ দ্রুত বিস্তার লাভ করছে। কিশোর গ্যাং, মাদক, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধীদের নেটওয়ার্কের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। সব মিলিয়ে এই মহানগরী গড়ে তোলার জন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

এ সময় নগরবাসীর প্রতি তিনি বলেন, ‘আমাদের জনগণের কাছে আমি বলতে চাই, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। ছোট অপরাধ হলেও তথ্য দিতে দ্বিধা করবেন না, কারণ ছোট অপরাধ থেকেই বড় অপরাধের সৃষ্টি হয়।’


বিজ্ঞাপন


দেশে তৎপরতা বাড়ছে কি না এবং এ বিষয়ে পুলিশ অবগত কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকায় উগ্রবাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোথাও উগ্রবাদী তৎপরতার তথ্য পাওয়া গেলে তা যাচাই–বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ঢাকায় সেভাবে উগ্রবাদী কার্যক্রমের নির্দিষ্ট কোনো তথ্য পুলিশের কাছে নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। কোথাও উগ্রবাদ বা উগ্রবাদীদের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

ট্রাফিক ব্যবস্থাপনা ও এআই ক্যামেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকার যানজট নগরবাসীর বড় চ্যালেঞ্জগুলোর একটি। এ পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বিষয়ে কাজ করছে এবং এরই মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। বিশেষ করে এআইভিত্তিক ট্রাফিক সিস্টেম চালুর মাধ্যমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এই প্রযুক্তি আরও বিস্তৃত করা হবে।’

তিনি আরও বলেন, নিরাপদ ও সুন্দর ঢাকা গড়ে তুলতে সবার ট্রাফিক আইন মেনে চলা জরুরি। জনগণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বানও জানান তিনি।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর