দুই মাসের মতো শূন্য থাকার পর অবশেষে নিয়োগ হলো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার। পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই ইউনিটের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
গত ১৪ মে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরোয়ার স্বাভাবিক অবসরে যাওয়ার পর ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। মোসলেহ উদ্দিন আহমদের নিয়োগের মাধ্যমে ডিএমপির শীর্ষ পদে তৈরি হওয়া দীর্ঘদিনের শূন্যতার অবসান ঘটল।
ডিএমপি কমিশনারের দায়িত্ব নেওয়ার আগে মোসলেহ উদ্দিন আহমদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ১৬ মার্চ তিনি সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পান এবং ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সিআইডিতে যোগ দেওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে কাজ করেছেন। ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত আইজিপি হন।
নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের জন্ম খাগড়াছড়ির রামগড় উপজেলায়। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন তিনি।
বিজ্ঞাপন
>> আরও পড়ুন
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন
এরআগে তিনি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর এই তিন গুরুত্বপূর্ণ জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
মোসলেহ উদ্দিন আহমদ পেশাগত জীবনে তিনি সুদানের দারফুরে পরিচালিত জাতিসংঘের ‘আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর’ (UNAMID) শান্তি রক্ষা মিশনে কাজ করেছেন।
বিইউ/এএস




