ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে এবং ভবিষ্যতে এসব চ্যালেঞ্জ কীভাবে সমাধান করা যায়, তার উপায় খুঁজতে এবার কক্সবাজারে কর্মশালার আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)।
কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংস্থাটির কর্মকর্তারা অংশ নেবেন।
বিজ্ঞাপন
ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং সেগুলোর সমাধানের উপায় কী হতে পারে, তা নিয়ে ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
এর অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের কর্মশালা কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইসির ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা থেকে কক্সবাজার যাবেন।
বিজ্ঞাপন
এ কর্মশালায় অংশগ্রহণের জন্য জারি করা ইসির চিঠি থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার। একই ফ্লাইটে থাকবেন ইসির সিনিয়র সচিবও। কক্সবাজারে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় উঠবেন সবাই।
আগামী শুক্রবার (১৫ মে) থেকে ১৬ মে পর্যন্ত একই হোটেলে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬’-এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় অংশ নেবেন ইসি কর্মকর্তারা। এরপর ১৬ মে বিকেলের ফ্লাইটে তারা ঢাকায় ফিরবেন।
এর আগে গত সোমবার (১১ মে) ঢাকা অঞ্চলের জন্য ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। সেখানে আরপিও পুনর্লিখনসহ বেশ কয়েকটি সুপারিশ উঠে আসে।
এমএইচএইচ/এএইচ




