সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

দুবাইয়ে মারা গেলেন পলাতক ব্যবসায়ী রন হক শিকদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

Rono
রন হক শিকদার। ছবি: সংগৃহীত

অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রন হক শিকদার মারা গেছেন।

সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন।


বিজ্ঞাপন


সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পরিবারের সূত্রের বরাত দিয়ে জুলকারনাইন সায়ের লিখেন, লিভারজনিত জটিলতায় ভুগছিলেন রন হক শিকদার এবং প্রায় এক সপ্তাহ আগে এ-সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন

জয়ী এমপিদের ৫৯ শতাংশই ব্যবসায়ী, পোশাক খাতের ১৫ জন

অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ২০২৪ সালে রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করা হয়।


বিজ্ঞাপন


দুদকের তদন্তে জানা যায়, রন ও রিক হক শিকদার তাদের নামে পরিচালিত ফরেন কারেন্সি (এফসি) অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের বিধি ও সার্কুলার লঙ্ঘন করে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করেন।

এর আগে তার বিরুদ্ধে ২০২০ সালের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। এছাড়াও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক এই পরিচালক ও তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর