শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এসব খাতে বরাদ্দ বৃদ্ধি ও কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের জীবনমান উন্নয়ন এবং সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই সরকারের এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মেয়েদের উচ্চশিক্ষা পর্যন্ত ফ্রি শিক্ষা ও ভালো ফলাফলের জন্য উপবৃত্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সমস্যা দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিতে দেশের মানুষ কিছুটা কষ্টের সম্মুখীন হয়েছে, বলেও তিনি স্বীকার করেন।

প্রধানমন্ত্রী জানান, জ্বালানি ও অন্যান্য সংকট সমাধানে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে যৌথভাবে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।

বিরোধীদলের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও খাল সমস্যার বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে চট্টগ্রামে জলাবদ্ধতার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে পাঠানো হয়েছে, বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক এবং দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী বলেন, ভারী বর্ষণ ও বন্যায় বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে আগাম প্রস্তুতি নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হয়েছে। এই উদ্যোগ শুধু সেচ নয়, বরং পরিবেশ ও ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক পানিসংকটে পড়বে। 

প্রধানমন্ত্রী জানান, বাজেটের প্রায় ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বড় অংশ বিনিয়োগ করা হবে, যাতে হাসপাতালগুলোতে চিকিৎসা, ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করা যায়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সরকার এবং জনগণের কল্যাণই সরকারের প্রধান অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

এমএইচএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর