সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী জেবা আমিন খানের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। অভিযোগকারী প্রার্থী না হওয়ায় আপিলটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে আবেদন খারিজ করেছে কমিশন।
সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানি শেষে অভিযোগকারীর আইনজীবী ব্যারিস্টার হারুন অর রশীদ সাংবাদিকদের এই তথ্য জানান।
বিজ্ঞাপন
ব্যারিস্টার হারুন অর রশীদ বলেন, বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য মাসুদ মৃধা, জেবা আমিনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৫ লাখ টাকা খেলাপী, ক্রিমিনাল মামলার তথ্য গোপন ও প্রকৃত ইনকামের তথ্য গোপনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়েছিল। তিনি সেগুলো আমলে না নিয়ে বাছাইয়ে জেবা আমিনকে বৈধ ঘোষণা করেন। তাই আপিল করা হয়েছিল। তবে কমিশন বলেছে যেহেতু অভিযোগকারী প্রার্থী নন, তাই আপিল গ্রহণযোগ্য নয়।
গত ২২ ও ২৩ এপ্রিল দুদিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র মোর্চার একজনের মনোনয়নপত্রসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এফএ




