রাজধানী ঢাকার গুলশানে ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে স্পেশাল ড্রাইভ পরিচালনা করেছে পুলিশ। এ সময় সিগন্যাল ভায়োলেশনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী গুলশান এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ অভিযান চালায় ট্রাফিক পুলিশ।
বিজ্ঞাপন
গুলশান ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ডিএমপির পুলিশ কমিশনারের নির্দেশনায় এই স্পেশাল ড্রাইভ পরিচালনা করা হয়। সিগন্যাল অমান্যকারী, উল্টো পথে চলাচলকারী, যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা-এসব আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
গুলশান ট্রাফিক জোনের ইন্সপেক্টর কে এম মেহেদী হাসান বলেন, ‘সড়কে আইন অমান্য করায় স্পেশাল ড্রাইভে ১৪টি মামলা ও একটি গাড়ি আটক করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন না থাকায় ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। প্রায় এক বছর ধরে ওই ব্যক্তি রেজিস্ট্রেশনবিহীনভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন।’
তিনি আরও জানান, অপর মামলাগুলো সিগন্যাল ভায়োলেশনের। গুলশান-১-এর ডিজিটাল সিগন্যালে নির্ধারিত সময় না মেনে লাল বাতি অতিক্রমের চেষ্টার অভিযোগে এসব মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযানে কার ৭টি, বাইক ৫টি, জিপ ১টি ও সিএনজি ১টিসহ মোট ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়। পুরো অভিযান তত্ত্বাবধান করেন গুলশান ট্রাফিকের এডিসি ট্রাফিক জিয়াউর রহমান।
গুলশান ট্রাফিক বিভাগ জানায়, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআইকে/এমআই



