সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির অনুরোধ

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তাঁর বৈঠক হয়।


বিজ্ঞাপন


বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণে তাঁকে অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে দেশটির বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত প্রক্রিয়াটি দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ইতিমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ দল পাঠানো হয়েছে। পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, যেসব মিয়ানমারের নাগরিকের বাংলাদেশি কাগজপত্র রয়েছে বা যারা নির্ধারিত শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত পাসপোর্ট দিতে হবে। এ জন্য সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে জানান, আগামী জুলাইয়ের প্রথমার্ধে তিনি সৌদি আরব সফর করতে পারেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর