দ্বীপজেলা ভোলার দৌলতখান উপজেলায় কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকারি বরাদ্দ অনুযায়ী জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের নির্দেশনা ছিল। তবে হাজিপুর ইউনিয়নে বাস্তবে জনপ্রতি ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে গণমাধ্যমে অভিযোগ প্রকাশ পায়। এতে জনপ্রতি ৩০ কেজি করে চাল কম পাওয়ায় স্থানীয় জেলেদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
অভিযোগটি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মৎস্য অধিদফতর পটুয়াখালী জেলার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে।
মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া সরকারি সহায়তা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমআর/এফএ




