রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

Job less police
ট্রাইবুনালের রায় উপেক্ষা করে চাকরিচ্যুত রাখার প্রতিবাদে পুলিশ সদর দফতরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাবেক পুলিশ সদস্যরা। ছবি: ঢাকা মেইল

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা প্রশাসনিক ট্রাইবুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইবুনাল থেকে পাওয়া রায়ে তাদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে। 

‎রোববার (১৯ এপ্রিল) সকালে সাড়ে ১০টায় রাজধানীর পুলিশ সদর দফতরের সামনে এই কর্মসূচি পালন করে।

‎মানববন্ধনে অংশ নেওয়া সাবেক পুলিশ সদস্যরা অভিযোগ করেন, বিগত সরকারের সময় তুচ্ছ ও ছোটখাটো কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তারা প্রশাসনিক ট্রাইবুনালে মামলা করে রায় পান এবং পরবর্তীতে প্রশাসনিক আপিল ট্রাইবুনালেও সেই রায় বহাল থাকে। কিন্তু পুলিশ সদর দফতর সেই রায় কার্যকর না করে আবার উচ্চ আদালতে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ করেন তারা।

‎চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টর মোস্তফা জাকারিয়া বলেন, ‘প্রশাসনিক ট্রাইবুনাল (জজ কোর্ট সমমান) ও প্রশাসনিক আপিল ট্রাইবুনাল (হাইকোর্ট সমমান) তাদের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। বরং ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল’ (সিপিএল) করে বিষয়টি সুপ্রিম কোর্টে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগতে পারে।’

‎তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা স্ট্যাটাস দেওয়ার মতো বিষয়কে কেন্দ্র করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের কারণে চাকরি চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘আমরা আদালতে ন্যায়বিচার পেয়েছি। কিন্তু পুলিশ সদর দফতর সেই রায় কার্যকর না করে আবার উচ্চ আদালতে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সুপ্রিম কোর্টে একটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে ৭ থেকে ১০ বছর সময় লেগে যায়। এই দীর্ঘ সময় আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।’

‎মানববন্ধনে বক্তারা দাবি করেন, এর আগে একই ধরনের রায়ের ভিত্তিতে অন্তত ১৩০ থেকে ১৫০ জন পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু বর্তমানে একই সুযোগ থেকে আরও কয়েক শ সদস্যকে বঞ্চিত করা হচ্ছে।

‎বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আদালতের রায় বাস্তবায়ন করে তাদের চাকরিতে ফিরিয়ে নেওয়া হোক।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং ভবিষ্যতেও আইনানুগ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর