বাণিজ্য সচিব মাহবুবুর রহমােনর জানাজা আজ (১৭ এপ্রিল) শুক্রবার জুমার নামাযের পরে ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সর্বসাধারণ ও পরিবারের সদস্যগণ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিজ্ঞাপন
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সাথে স্বল্পসময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন, ‘দুইমাসের মতো হলো বাণিজ্য সচিবের সাথে কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তার কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীতে আমাদের অবস্থান অল্প সময়ের। কে কখন কার জানাজা পড়বে কেউ জানেনা। পরকালের জন্য যেন কিছু সঞ্চয় নিয়ে যেতে পারি আমাদের সে কাজে মনোযোগী হওয়া উচিত।
প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
বেশ কয়েক দিন শারীরিক অসুস্থতা বোধ করলে গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তার শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে গাজীপুর জেলার গাছা এলাকায় তাকে দাফন করা হবে।
এমআর/এমআই




