মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

অন্যরা আনন্দে ব্যস্ত, মনিরা ডাকছেন রক্ত দিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

অন্যরা আনন্দে ব্যস্ত, মনিরা ডাকছেন রক্ত দিতে
ছবি: ঢাকা মেইল

আসেন ভাই-আপারা। রক্ত দিয়ে যান। আপনার এক ফোঁটা রক্ত একজন মানুষের প্রাণ বাঁচাতে পারে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে রমনার বটমূলের দক্ষিণ পাশে থাকা ফুটপাতের পাশে গাছে ব্যানার সাঁটিয়ে এভাবে রক্ত সংগ্রহের কাজ করছেন মনিরা। 

অন্যরা যখন রমনায় আনন্দ ফূর্তিতে ব্যস্ত তখন তিনি ও তার আরেক যুবক এভাবে সকাল থেকে রক্ত সংগ্রহ করছেন। তারা এসেছেন বাংলাদেশ পুলিশের প্রতিষ্ঠান রাজারবাগ পুলিশ হাসপাতালের পক্ষ থেকে। যারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন তাদের রক্ত নিচ্ছেন তারা। এ রক্তগুলো মুমূর্ষু রোগীদের দেওয়া হবে। 


বিজ্ঞাপন


মনিরা জানান, তারা সকাল থেকে ৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছেন। থাকবেন বিকেল পর্যন্ত। 

তিনি বলেন, আসলে আজকের দিনটি আনন্দের। পাশাপাশি রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর দিন। আমরা এক সাথে অনেক লোককে পাই না। ফলে যারা বেড়াতে এসেছেন তাদের অনেকে রক্ত দিচ্ছেন।

তার সাথে কথা বলার কিছুক্ষণ আগে রমনার বটমূলের আয়োজন করা মাইকে ঘোষণা আসছিল-একজন মুমূর্ষু রোগীর জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন। কেউ আগ্রহী থাকলে পুলিশ কন্ট্রোল রুমের পাশে থাকা ব্লাড সংগ্রহ বুথে গিয়ে যোগাযোগ করতে পারেন। 

পরে এ বিষয়ে মনিরার কাছে জানতে চাইলে তিনি বলেন, শাহবাগের পিজি হাসপাতাল থেকে একজন রোগীর স্বজন এসেছিলেন। তাদের বি পজিটিভ রক্তের প্রয়োজন। ফলে ঘোষণাটি দেওয়া হয়েছিল। তবে তখন পর্যন্ত সেই রক্তের গ্রুপের কাউকে তারা পাননি। 

এ রক্ত সংগ্রহের কাজে মনিরা ছাড়াও আরো দুই যুবক তাকে সহায়তা করছে। 

তারা জানালেন, লোকজন আজকে ঘুরতে এসেও যে রক্ত দিচ্ছে এতে তারা খুশি। তবে বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড় বাড়ছে। ফলে বিকেলের দিকে গেলে এ রক্ত সংগ্রহ শতাধিক ব্যাগ ছাড়িয়ে যাবে বলে তারা বিশ্বাস করেন।

মনিরা ডেকে যাচ্ছিল কিন্তু কেউ তার কথায় ভ্রূক্ষেপ করছে, কেউ করছে না। কিন্তু সেদিকে তার কর্ণপাত নেই। তারা তাদের কাজ করেই যাচ্ছেন। তাদের সামনে একটি চেয়ার। তাতে বসিয়ে রক্ত সংগ্রহ কার্যক্রম চলছে। 

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর