২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়ে নিষেধ অমান্য করে আহতদের চিকিৎসা দেওয়ায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগে বদলি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকন। অন্তর্বর্তী সরকার সেই বদলি আদেশ বাতিল করে দেয়। প্রায় দুই বছর পর আবারও অদ্ভূত বদলি আদেশ পেলেন সেই চিকিৎসক।
এবার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। সুপার স্পেশালাইজড একটি বিভাগের এই শিক্ষক-চিকিৎসককে সংযুক্ত করা হয়েছে একটি জেনারেল হাসপাতালে, যেখানে শিক্ষকতা কিংবা অর্জিত জ্ঞান দিয়ে মানুষকে সেবাদানের সুযোগ নেই।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এতদিন ইনসিটু অধ্যাপক হিসেবে কর্মরত এই সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বদলি করা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা। জানা গেছে, ডা. শহীদুল ইসলাম আকন ঢাকা মেডিকেল কলেজের ডা. ফজলে রাব্বি হল ছাত্রাবাস সহ-প্রভোস্ট হিসেবে রয়েছেন। তার বদলির ফলে ছাত্রাবাসের যেকোনো সমস্যায় ত্বরিত সহযোগিতাও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়ায় আওয়ামী রোষানলে স্পাইন সার্জারির সহযোগী অধ্যাপককে বদলি করা হয়েছিল বায়োকেমিস্ট্রিতে। পরবর্তীতে মেডিকেল স্টুডেন্টদের মুভমেন্টের ফলে ইন্টেরিম সরকার সেই নোটিশ বাতিল করে। আজকে বর্তমান সরকার আবারও সেই স্পাইন সার্জারির অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকন স্যারকে ওএসডি করেছে এবং এমন একটি হাসপাতালে সংযুক্ত করে দিয়েছে যেখানে এই শিক্ষার্থীবান্ধব শিক্ষকের পড়ানোর মতো স্টুডেন্ট নেই এবং তাঁর বিভাগের সার্জারি করার মতো ফ্যাসিলিটিসও নেই।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ২৫ মে একসঙ্গে ঢামেকের ৫ চিকিৎসককে বিভিন্ন জেলায় বদলি করা হয়। পরবর্তীতে আরও বেশ কয়েকজনকে বদলি করা হয়েছিল। সেক্ষেত্রে এসব চিকিৎসককে নিজ স্পেশালিটির বাইরে অন্য বিষয়ে বদলি করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ওই বছরের ৮ আগস্ট তাদের বদলি আদেশ বাতিল করে অন্তর্বর্তী সরকার।
এসএইচ/এআরএম




