পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ায় অবস্থিত বসুন্ধরা স্পোর্টস সিটি ইয়োগা সেন্টারের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ আয়োজন ঘিরে পুরো এলাকায় তৈরি হয় প্রাণবন্ত উৎসবের আমেজ।
সকালে ‘ব্যাংক এশিয়া মোড়’ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রঙিন পোশাকে সজ্জিত নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে স্পোর্টস সিটি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের উচ্ছ্বাস।
বিজ্ঞাপন
অংশগ্রহণকারীরা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা তাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই প্রতিবছরের মতো এবারও তারা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে এই দিনটি উদযাপন করছেন। তারা বলেন, পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে আনন্দ আর আশাবাদ নিয়ে বরণ করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল ঐতিহ্যবাহী পান্তা-ভাত ও বিভিন্ন ধরনের ভর্তার আয়োজন, যা বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থিতদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। পাশাপাশি সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্মুক্ত যোগব্যায়াম সেশন। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
একজন অংশগ্রহণকারী বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমরা সবাই একসাথে এই দিনটি উদযাপন করছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ আমার বান্ধবী ও বন্ধুদের, এবং আমাদের ইগা কোম্পানি কমিটির সবাইকে। আমরা খুব আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছি। ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ উদযাপন করছি আমরা সবাই মিলে। সারাদিন একসাথে থেকে আনন্দ করবো।
ইয়োগা সেন্টারের আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি মানুষের মধ্যে সুস্থ জীবনযাপন ও মানসিক প্রশান্তির গুরুত্ব তুলে ধরা। তারা বলেন, সুস্থ দেহ, প্রশান্ত মন এবং কর্মব্যস্ত সুখী জীবন গড়তে নিয়মিত যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছরে আমরা চাই সবাই সুস্থ থাকুক, ইতিবাচক চিন্তা করুক এবং মানবতার চর্চা বাড়ুক।
বিজ্ঞাপন
তারা বলেন, তারা পুরনো কুসংস্কার ও নেতিবাচকতা দূর করে নতুন বছরে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চান। তাদের প্রত্যাশা, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য।
দিনব্যাপী এই আয়োজনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বসুন্ধরা স্পোর্টস সিটি ও আশপাশের এলাকায় উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। নতুন বছরের প্রথম দিনটিকে আনন্দঘন ও স্মরণীয় করে রাখতে এমন আয়োজন আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বসুন্ধরা স্পোর্টস সিটির নির্বাহী প্রধান মহসিন করিম বলেন, আজকের বর্ষবরণ অনুষ্ঠানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা কতটা সচেতন ও আগ্রহী। এখানে বহু স্বাস্থ্যসচেতন মানুষ নিয়মিত ইয়োগা চর্চার সঙ্গে যুক্ত, যারা প্রতিদিন ভোর ও সন্ধ্যায় নির্ধারিত সময়ে অংশ নেন। মূলত এই ইয়োগা অনুশীলনকারীরাই নিজেদের উদ্যোগে এবারের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এ উদ্যোগে পরিবহনসহ প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে এবং গ্রুপের চেয়ারম্যানও এতে বিশেষভাবে আগ্রহী ছিলেন।
তিনি আরও বলেন, নববর্ষকে কেন্দ্র করে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই আয়োজন, যা প্রথমবারের মতো বসুন্ধরা আবাসিক এলাকায় বৈশাখী র্যালির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। ফলে বাসিন্দাদের মধ্যে পারস্পরিক পরিচয়, যোগাযোগ ও সম্প্রীতি বাড়বে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিক থেকেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। র্যালির পাশাপাশি বসুন্ধরা স্পোর্টস সিটিতে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান-বাজনা এবং পান্তাভাতসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়েছে, যা দুপুর পর্যন্ত চলবে।
এসময় উপস্থিত ছিলেন, ইয়োগা সোসাইটির আহ্বায়ক মনিরুল আলম, সদস্য শামসুল হক, জামান, জালাল, আলাউল ও আওয়ালসহ বসুন্ধরা স্পোর্টস সিটি ইয়োগা সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, এলাকার বাসিন্দা, ইয়োগা অনুশীলনকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এএইচ/এআরএম




