সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কিরগিজস্তানের ভিসা জটিলতায় বিপাকে বাংলাদেশি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

কিরগিজস্তানের ভিসা জটিলতায় বিপাকে বাংলাদেশি শিক্ষার্থীরা
কিরগিজস্তানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে অধ্যয়নরত দেড় শতাধিক বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী ভিসা জটিলতায় দেশে আটকে আছেন। সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে কিরগিজস্তানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ তথ্য জানান।

কিরগিজস্তানের বিভিন্ন স্বীকৃত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৫০-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভিসা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে রয়েছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, এসব শিক্ষার্থী স্বল্পকালীন ছুটি বা একাডেমিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেশে এসেছিলেন। কিন্তু পুনরায় কিরগিজস্তানে ফেরার জন্য ভিসার আবেদন করলে তা বারবার প্রত্যাখ্যাত বা অনির্দিষ্টভাবে আটকে যাচ্ছে। বিষয়টি সমাধানে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো অগ্রগতি আসেনি।

এই পরিস্থিতির ফলে শিক্ষার্থীদের কয়েকটি পূর্ণ সেমিস্টার ইতোমধ্যে নষ্ট হয়েছে। অনেকেই নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের নোটিশের মুখে পড়েছেন। টিউশন ফি, আবাসন ও অন্যান্য খাতে আগেই ব্যয় করা অর্থও ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে রয়েছেন শিক্ষার্থী ও তাদের পরিবার।

সমস্যা সমাধানে শিক্ষার্থীরা ঢাকায় কিরগিজ অনারারি কনস্যুলেট, নয়াদিল্লিস্থ কিরগিজ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস, কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এতসব প্রচেষ্টার পরও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমাধান বা নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।


বিজ্ঞাপন


এ অবস্থায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয় যেন জরুরি ভিত্তিতে কিরগিজ কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করে ভিসা অনুমোদন পুনরায় চালু করে। একই সঙ্গে কিরগিজস্তানে একটি বাংলাদেশি দূতাবাস বা কার্যকর কনস্যুলার সেবা চালুর আহ্বান জানানো হয়েছে।

তারা জানান, ২০২৫ সালের জুলাই মাস থেকে এই সমস্যার সূত্রপাত হয়, আমরা যখন কিরগিজ ভিসা পোর্টালে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি 'উন্মুক্ত' দেখালে সেখানে আবেদন করি, তখন কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন অনুমোদন বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই পূর্ব ঘোষণা ছাড়া ভিসা প্রদান কার্যক্রম স্থগিত হওয়ায় আমরা চরম অনিশ্চয়তায় পড়েছি।

শাহনাজ আক্তার নামে একজন শিক্ষার্থী বলেন, দ্রুত কিরগিজ শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে আমাদের একাডেমিক ধারাবাহিকতা নিশ্চিত করা হোক। কিরগিজ কর্তৃপক্ষের কাছে চলমান শিক্ষার্থীদের জন্য বিশেষ ভিসা সুবিধা বা বিকল্প ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছি।

সাধরিল হুদা নামে একজন বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সংকট দ্রুত সমাধান না হলে বহু শিক্ষার্থীর চিকিৎসক হওয়ার স্বপ্ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে আমরা নানা রকম সমস্যায় পড়বো। আমাদের এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।

এম/এআরএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর