পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে অন্যবারের মতো ভোগান্তি বা অতিরিক্ত চাপ নেই ঢাকার অন্যতম ব্যস্ত বাস টার্মিনাল গাবতলীতে। যাত্রীদের উপস্থিতি থাকলেও তা স্বাভাবিক পর্যায়ে থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঘরমুখো মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা।
বুধবার (২৫ মার্চ) গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের চতুর্থ দিনেও ঢাকামুখী যাত্রীদের তেমন চাপ নেই। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পর ঢাকা থেকে গাবতলী বাস টার্মিনাল থেকে বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং অধিকাংশ যাত্রী সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলনামূলকভাবে কম।
বিজ্ঞাপন
ঢাকায় ফেরত আসা বাসগুলো শহরে প্রবেশ করতে একটু সময় লাগলেও যাত্রীর চাপ আশানুরূপ নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। এখনো বাসগুলোতে তেমন ভিড় হচ্ছে না। ঢাকায় আসতে ভাড়া একটু বেশি মনে হলেও ঢাকায় ফিরতে তেমন কোনো ভিড় নেই।
উত্তরবঙ্গের নীলফামারী থেকে আসা শহীদুর রহমান ঢাকা মেইলকে বলেন, ‘আগে ঈদের পর ঢাকায় ফিরতে অনেক ভোগান্তি হতো, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। এবার তেমন কিছু হয়নি, খুব সহজেই বাস পেয়েছি। মনে হচ্ছে এবারের ঈদে দীর্ঘ সময় ছুটি থাকায় এখনো যাত্রীরা ঢাকায় ফিরেনি। হয়তো কয়েকদিনের মধ্যে আবার আগের মতো ভিড় হতে পারে।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা তৌহিদুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘গতকাল রাতে বাসে উঠে আজকে ঢাকায় এসেছি। রাস্তায় তেমন কোনো জ্যাম নেই। গাড়িতে যাত্রীও আগের তুলনায় কম বললেই চলে। ঈদ কাটিয়ে এক রকম স্বস্তি নিয়েই ঢাকায় ফেরত এসেছি। মনে হচ্ছে এবারের ঈদে লম্বা ছুটি হওয়ায় এখনো যাত্রীরা ঢাকায় ফেরত আসেনি, তাই বাসে এখনো ভিড় দেখা যায়নি।’
বিজ্ঞাপন
গাবতলী বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ও কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, এবার যাত্রীদের ফেরার চাপ কয়েকদিনে ভাগ হয়ে গেছে। অনেকে ঈদের পরপরই না ফিরে ছুটি বাড়িয়ে দিয়েছেন, যার ফলে একসঙ্গে অতিরিক্ত ভিড় তৈরি হয়নি। এ ছাড়া অতিরিক্ত বাস সার্ভিস চালু রাখাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হয়েছে।
গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান ঢাকা মেইলকে বলেন, ‘ঢাকা থেকে ছাড়া বাসগুলো অল্পসংখ্যক যাত্রী নিয়েই চলে যাচ্ছে। তবে ফিরতি বাসগুলো পরিপূর্ণ হয়েই ফিরছে। ঈদে ঢাকায় ফেরত আসা যাত্রীদের তেমন কোনো চাপ এখনো পড়েনি।’
গাবতলী বাস টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন, যার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
একেএস/এমআই

