বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

কুমিল্লায় দুর্ঘটনার প্রধান কারণ দুই গেটম্যানের দায়িত্বে অবহেলা: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় দুর্ঘটনার প্রধান কারণ দুই গেটম্যানের দায়িত্বে অবহেলা: র‌্যাব
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজারে বাসে ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃত্যুর ঘটনায় গেটম্যানের দায়িত্ব অবহেলা প্রধান কারণ বলে জানিয়েছে র‍্যাব। 

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক। 


বিজ্ঞাপন


র‍্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

তিনি বলেন, ‘মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলাল নামে ওই গেটম্যানকে গ্রেফতার করে র‍্যাব-১১। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি।’

rab-press-20260325124615


বিজ্ঞাপন


গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসে ট্রেনে ধাক্কার ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হন। এই ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে আসামি করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায়, কর্তব্যরত গেটম্যান রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় দুই গেটম্যান মো. হেলাল ও মেহেদী হাসান কেউই ঘটনাস্থলে ছিলেন না। তাদের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’

গ্রেফতার হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্য আসামিকে গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর