পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৭ মার্চ)। দুপুর গড়াতেই কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের স্রোত নেমেছে। বিকালে ঈদযাত্রার পঞ্চম দিনে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। তবে সব থেকে বেশি যাত্রী উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে। বিকাল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবাই যার যার ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।
যাত্রীরা জানান, ভিড় এড়াতেই আগেভাগে বাড়ি ফিরছেন তারা। অনলাইনে টিকিট পেতে কিছুটা জটিলতা থাকলেও, এবারের ঈদযাত্রায় রেলপথে এখন পর্যন্ত বড় কোনো ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ হাসিমুখে ঢাকা ছাড়ছেন। গত ৭ মার্চ যেসব যাত্রী অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন, মঙ্গলবার তারা গন্তব্যে যাত্রা করছেন।
বিজ্ঞাপন
কমলাপুর রেলস্টেশনে ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, আজ ৪৪টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। এছাড়া ঈদযাত্রায় যাত্রীদের জন্য এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
রেলস্টেশন ম্যানেজার জানান, ঈদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য সময়সূচির বিপর্যয় রোধে গুরুত্ব দিয়ে গতকাল সোমবার থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি, ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতিও থাকছে না।
স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ, র্যাব পাহারার ব্যবস্থা করা হয়েছে। টিকিটবিহীন কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ছাদে আরোহনের ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নিরুৎসাহিত করছে।
টিএই/ক.ম

