রাজধানীর মোহাম্মদপুরে ইব্রাহিম খলিল শুভ নামের এক সমন্বয়ককে কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি মোল্লা কাওসারকে গ্রেফতার করেছে র্যাব-২।
মঙ্গলবার (১০ মার্চ) পটুয়াখালী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার হওয়া মোল্লা কাওসার ঢাকা মহানগর উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। নির্বাচনের আগে তাকে বহিষ্কার করা হয়েছিলো।
আরও পড়ুন: বাংলাদেশে ঈদ কবে, যা জানা গেল
এদিকে, গত ২১ ফেব্রুয়ারি বিকেলে মোহাম্মদপুর-বসিলা রোডে ময়ূরভিলা এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে মো. রাসেল ও মো. মামুন নামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
এ ঘটনার পরদিন ২২ ফেব্রুয়ারি রাতে একই এলাকায় জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে গুরুতর জখম করে একই চক্রের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনাতেও মোহাম্মদপুর থানায় আরেকটি হত্যাচেষ্টা মামলা করা হয়।
বিজ্ঞাপন
র্যাব জানায়, দুটি ঘটনার পর গত ১ মার্চ ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসীর সহযোগী সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে একটি বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ৮ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপন ওরফে কাউয়া রিপন এবং মিন্টু আহমেদ ওরফে পাপ্পুকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি সামুরাই, একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম বলেন, ‘আমরা আসামিকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছি। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে, আসামিদের রাজনৈতিক কোনো পরিচয় আমাদের জানা নেই।’
একেএস/এমআই

