ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জমে উঠেছে কেনাকাটা। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই নিউ মার্কেট, গাউছিয়া ও আশপাশের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। ক্রেতার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের সড়কেও তীব্র যানজট তৈরি হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাইন্সল্যাব মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়। এই পথ পাড়ি দিতে অনেক ক্ষেত্রে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। বিকেলের দিকে যানজট আরও বেড়ে সাইন্সল্যাব, নীলক্ষেত ও ধানমন্ডি এলাকার বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন

সড়কে অনেক যানবাহনকে থেমে থেমে চলতে দেখা গেছে। কোথাও কোথাও কয়েক মিনিট একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে এবং অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করেন। কেউ কেউ যানজট এড়াতে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার পথ বেছে নেন।
নিউ মার্কেটমুখী এক রিকশাচালক সোহেল বলেন, আগে সাইন্সল্যাব থেকে নিউ মার্কেট যেতে ২০–২৫ মিনিট লাগত, এখন প্রায় এক ঘণ্টা সময় লাগে। গাড়ির চাপ এত বেশি যে রিকশা চালানোও কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: এলিফ্যান্ট রোডের মার্কেটগুলোতে ক্রেতার ভিড় বাড়লেও বিক্রি এখনও জমেনি
বিজ্ঞাপন
ক্রেতাদের ভিড়ে নিউ মার্কেটের ভেতরেও ছিল তিল ধারণের জায়গা নেই এমন অবস্থা। পরিবার, বন্ধু কিংবা স্বজনদের নিয়ে অনেকেই ঈদের পোশাক কিনতে এসেছেন। দোকানগুলোতে নতুন ডিজাইনের পোশাক সাজিয়ে রাখা হয়েছে এবং সকাল থেকেই ক্রেতা–বিক্রেতাদের ব্যস্ততা চোখে পড়ে।
ব্যবসায়ীরা জানান, ঈদের এখনও কয়েক দিন বাকি থাকলেও বিক্রি ভালো শুরু হয়েছে। বিশেষ করে শিশু ও নারীদের পোশাকের চাহিদা বেশি। নিউ মার্কেটের এক ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ বলেন, সাধারণত ঈদের কেনাকাটা শেষের দিকে বাড়ে, তবে এবার শুরু থেকেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

দোকানিদের মতে, মেয়েদের থ্রি-পিস ও শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। পুরুষদের পোশাকের মধ্যে পাঞ্জাবির বিক্রি বেশি হচ্ছে। বিভিন্ন রঙ ও নকশার পাঞ্জাবি দেখতে তরুণদের ভিড় লক্ষ্য করা গেছে।
ক্রেতাদের মধ্যেও ছিল ঈদের কেনাকাটা ঘিরে আলাদা উচ্ছ্বাস। ঢাকার বাসিন্দা রাবেয়া আক্তার বলেন, প্রায় প্রতি বছরই তিনি নিউ মার্কেটে কেনাকাটা করতে আসেন। এখানে তুলনামূলক কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায়।
নিউ মার্কেটের ভেতরের দোকানের পাশাপাশি আশপাশের ফুটপাতেও ক্রেতাদের চাপ বেড়েছে। তুলনামূলক কম দামে পোশাক ও নানা সামগ্রী পাওয়ায় অনেকেই ফুটপাতের দোকানেও ভিড় করছেন। বিক্রেতারা বলছেন, ঈদের সময়ই তাদের ব্যবসার সবচেয়ে বড় মৌসুম।

স্থানীয়দের মতে, ক্রেতা ও যানবাহনের অতিরিক্ত চাপের পাশাপাশি ফুটপাতে দোকান বসার কারণে সড়ক সংকুচিত হয়ে যানজট আরও বাড়ছে। ট্রাফিক পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও ক্রেতা ও যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় পুরোপুরি স্বাভাবিক গতি ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ছে।
ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে নিউ মার্কেট এলাকায় মানুষের ভিড় ও যানজট আরও বাড়তে পারে।
এআর

