ঢাকা মেইল অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘মেট্রোরেলে ফাঁকিবাজি: মতিঝিল ঘুরে উত্তরা যাচ্ছেন সচিবালয়ের যাত্রীরা’ এই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পর মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি সামনে আসার পর ট্রেন পরিচালনায় কিছু পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
মেট্রোর প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতর অহেতুক ঘোরাঘুরি বন্ধে চেক-ইন ও আউটের মধ্যবর্তী সময়সীমা কমিয়ে আনা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, আমরা অনুমোদিত সময় কমিয়ে দিয়েছি। যদি কোনো যাত্রী নির্ধারিত সময়ের বেশি প্ল্যাটফর্ম বা সিস্টেমের ভেতরে অবস্থান করেন, তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: মেট্রোরেলে ফাঁকিবাজি: মতিঝিল ঘুরে উত্তরা যাচ্ছেন সচিবালয়ের যাত্রীরা
তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল স্টেশনে পৌঁছানোর পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এতে কিছু যাত্রী শেষ স্টেশনে নেমে না গিয়ে ট্রেন ঘুরে উত্তরার দিকে ফেরার সময় একই আসনে বসে থাকতেন।
তিনি আরও বলেন, এখন ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। ফলে যাত্রীরা সরাসরি মতিঝিল স্টেশন থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন। এই ব্যবস্থা চালু হলে মাঝপথের স্টেশন থেকে উঠে আসন দখল করে রাখার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এএইচ

