রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

মশা নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

DSCC
মশা নিধনে রোববার ডিএসসিসি মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে। ছবি: সংগৃহীত

রাজধানীতে মশার উপদ্রব বাড়তে থাকায় মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (১ মার্চ) ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের সুখনগর, গ্রীন মডেল টাউন ও মান্ডা খাল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


প্রশাসক মো. আবদুস সালাম বলেন, মশক নিয়ন্ত্রণে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে চার স্তরে তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা বা সচিব এবং প্রশাসক পর্যায় পর্যন্ত নজরদারি চলবে বলে জানান তিনি।  

IMG-20260301-WA0009
মশা নিধনে রোববার ডিএসসিসি মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে। ছবি: সংগৃহীত

 

প্রশাসক বলেন, জনসচেতনতা বাড়াতে স্থানীয় ইমামদের সম্পৃক্ত করা হবে এবং মাইকিং করা হবে। নাগরিকরা সচেতন না হলে এবং মশার প্রজননস্থল ধ্বংসে উদ্যোগী না হলে অঞ্চলভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদেরকে এ সেবা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। 


বিজ্ঞাপন


বিশেষ অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, অনুন্নত ও নাগরিক সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে সিটি করপোরেশনের বিশেষ নজর দেওয়া জরুরি। মশার প্রজননস্থল হিসেবে পরিচিত খালগুলো উদ্ধার ও দখলমুক্ত করতে সরকারের পক্ষ থেকে সিটি করপোরেশনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। 

এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২৫০ জন কর্মী অংশ নেন। তারা খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারের পাশাপাশি মশার ওষুধ প্রয়োগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক র‍্যালিও হয়। 
 
এএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর