বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদা ও চাঁদাবাজি এক করে দেখা উচিত নয়: পরিবহনমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

চাঁদা ও চাঁদাবাজি এক করে দেখা উচিত নয়: পরিবহনমন্ত্রী 
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

সমিতি বা সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদা আদায় করা ‘বৈধ’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, ‘সমিতি বা সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৈধভাবে চাঁদা আদায় করা যেতে পারে, তবে জোরপূর্বক বা অবৈধভাবে টাকা আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঈদ-পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্ন করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিবহনমন্ত্রী বলেন, ‘বাস বা ট্রাক মালিক সমিতি যদি নিজেদের কল্যাণ তহবিলের জন্য সমঝোতার ভিত্তিতে চাঁদা নেয়, সেটি বৈধ। কিন্তু পথে ঘাটে কাউকে থামিয়ে জোর করে টাকা নেওয়া হলে তা স্পষ্টতই চাঁদাবাজি, যা আইনসঙ্গত নয়। কোথাও এমন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বিভিন্ন সামাজিক, ধর্মীয় বা পেশাজীবী সংগঠনে সদস্যরা নিয়মিত চাঁদা দেন। এসব চাঁদা সংগঠনের নিয়ম অনুযায়ী আদায় করা হয়।

‘তবে এ ধরনের বৈধ প্রক্রিয়ার সঙ্গে অবৈধ আদায়কে এক করে দেখা উচিত নয়।’

ঢাকায় ট্রাক থামিয়ে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট করে তথ্য দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। যারা নিজেদের সংগঠনের স্বার্থে নির্ধারিত চাঁদা নেয়, সেটি এক বিষয়; কিন্তু সড়কে দাঁড়িয়ে অবৈধভাবে টাকা আদায় সম্পূর্ণ ভিন্ন বিষয়।’

ঈদযাত্রার প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বছর নৌ ও সড়কপথে যাত্রী চলাচল মোটামুটি স্বস্তিদায়ক ছিল। এবার আরও ভালোভাবে ঈদযাত্রা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ঈদের আগে ও পরে পাঁচ দিন করে মোট দশ দিন সড়ক ও নৌপথে বিশেষ নজরদারি থাকবে।’

একই দিনে সচিবালয়ে ঈদযাত্রায় সড়ক নিরাপত্তা নিয়ে সংবাদ ব্রিফিং করেন মন্ত্রী।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। পরিবহন ব্যবস্থাপনার তদারকি সরকারের দায়িত্ব এবং যেখানে ব্যত্যয় ঘটছে, সেখানে জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা চলছে।’

মন্ত্রী আরও বলেন, ‘পরিবহন খাতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন না হলেও যাত্রীসেবার মান যাতে ঠিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় এবারের ঈদযাত্রা আরও শৃঙ্খল ও স্বস্তিদায়ক হবে।

এএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর