বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী দলটির নেতৃত্বাধীন বর্তমান সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড পেতে বেআইনি লেনদেন নিয়ে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ঈদের আগেই প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় বিনা টাকায় ফ্যামিলি কার্ড দিতে যাচ্ছে সরকার। সে কারণেই ফ্যামিলি কার্ড পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং সরকারি উদ্যোগে বিনা টাকায় দেওয়া হবে।
আরও বলা হয়েছে, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনি। কেউ যদি এ ধরনের বেআইনি কাজে জড়িত থাকে, তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে
আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড। সেদিন এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রতি কার্ডে প্রতি মাসে দেওয়া হবে আড়াই হাজার টাকা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীপরিষদ বিভাগে ‘ফ্যামেলি কার্ড’ বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে যে ১৪ এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে সেগুলোর মধ্যে ১৩টি হলো- বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জে। একটির নাম আপাতত জানা যায়নি।
সভায় জানানো হয়, শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে খবর, প্রতিটি ফ্যামিলি কার্ডে পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। বড় পরিবারের ক্ষেত্রে প্রতি পাঁচজনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না, তবে পরিবারের অন্যান্য সদস্য ভাতা পেতে পারবেন।
এএইচ

