সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই হাওয়া লেগেছে স্থানীয় সরকার নির্বাচনে। তবে সবার মনে প্রশ্ন- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় হবে? এক্ষেত্রে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নসংক্রান্ত বিধান (অর্ডিন্যান্স) সংশোধনের বিষয়টি নিয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আমার জানামতে অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি রেটিফাই (অনুমোদন) হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্যরকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।
তিনি বলেন, যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে, তাই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বহাল থাকবে কি না—তা কার্যত বিএনপির অবস্থানের ওপর নির্ভর করছে।
পাশাপাশি তিনি সংরক্ষিত নারী আসন ও স্থগিত উপ-নির্বাচন সংক্রান্ত কমিশনের প্রস্তুতি চলছে বলে জানান।
সংরক্ষিত নারী আসনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানান, এ নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে কার্যকরভাবে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যেসব প্রার্থী মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো প্রাথমিক কার্যক্রমও শুরু করেছে।
‘বিধি অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন শেষ করতে হয় এবং কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করবে। শিগগিরই তফসিল হবে।’ বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে বলে জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সন্ধ্যায় তিনি বলেছেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই-তিন দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।
এমএইচএইচ/জেবি

