রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার: মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

Minister Sheikh Rabiul Alam
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম

সরকার রেলওয়েকে লোকসানী প্রতিষ্ঠান হিসেবে আর দেখতে  চায় না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, ‘একে (রেলকে) ঢেলে সাজাতে হবে এবং লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।’


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী শেখ রবিউল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রেলের উন্নয়ন ও রেল যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নির্বাচনী ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। টিকিট কালোবাজারী প্রতিরোধ, দুর্নীতি দমন ও যাত্রীসেবার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন।’

এসময় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। একইসাথে তিনি আগামী ১৮০ দিনের মধ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন


এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যাত্রার সময় কিভাবে কমিয়ে আনা যায় তা আগামী এক সপ্তাহের মধ্যে খুঁজে করতে বলেন এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহন করবেন বলে জানান।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  হাবিবুর রশিদ ও মো. রাজীব আহসান বিশেষ অতিথি ছিলেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর