মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকার দুই এলাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ এএম

শেয়ার করুন:

ঢাকায় দুই জায়গায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা
ঢাকায় দুই জায়গায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা। ছবি: কোলাজ

রাজধানীর দুই প্রান্তে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারওয়ান বাজারের একটি কাঠের দোকান এবং পুরান ঢাকার একটি জুতার কারখানায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট একযোগে কাজ করছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের অল্প সময়ের ব্যবধানে এই ঘটনাগুলো ঘটে।

কারওয়ান বাজারে ভয়াবহ আগুন


বিজ্ঞাপন


রাত ১০টা ২৮ মিনিটে কারওয়ান বাজার টিসিবি ভবনের পাশে একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চারটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়ায় পরে আরও চারটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে সেখানে মোট ৮টি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

কারওয়ান বাজারের রেশ কাটতে না কাটতেই রাত ১০টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে পুরান ঢাকার আগামাসি লেন এলাকা থেকে। সেখানে একটি ৭ তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত জুতার কারখানায় আগুন লাগে। 

আরও পড়ুন: কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, বর্তমানে সেখানে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংকীর্ণ রাস্তার কারণে সেখানে অগ্নিনির্বাপক কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।

ক্ষয়ক্ষতি ও কারণ

দুটি অগ্নিকাণ্ডের কোনোটিতেই এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে একই রাতে দুই জায়গায় আগুনের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর