সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শবে বরাতের ছুটিতে ‘নিরিবিলি’ ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

শবে বরাতের ছুটিতে ‘নিরিবিলি’ ঢাকা
শবে বরাতের ছুটিতে ব্যস্ততম রাজধানীর শিক্ষা ভবন মোড়ের ছিল একেবারেই ফাঁকা। ছবি- ঢাকা মেইল

পবিত্র শবে বরাতের ছুটিতে আজ যেন নিজেকে নতুন করে চেনাচ্ছে রাজধানী ঢাকা। কোলাহল, যানজট আর জনস্রোতে ব্যস্ত শহরটি এদিন সকালে ধরা দিয়েছে একেবারেই ভিন্ন এক রূপে। যেন ঈদের সময় যেমন ঢাকা ফাঁকা হয়ে যায়, আজকের চিত্রটাও অনেকটা সেরকমই।

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা লক্ষীবাজার, রায়েসাহেব বাজার, গুলিস্তান, জিপিও, প্রেসক্লাব, হাইকোর্ট সিগন্যাল ও মগবাজার এলাকা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে দেখা গেছে, রাস্তায় মানুষের উপস্থিতি খুবই কম।

গণপরিবহনও ছিল হাতে গোনা। অটোরিকশা ও রিকশার সংখ্যাও স্বাভাবিক দিনের তুলনায় ছিল অনেক কম।

Quiet_Dhaka_3
শবে বরাতের ছুটিতে রাজধানী ঢাকার সড়কের চিত্র। ছবি- ঢাকা মেইল

গুলিস্তানে প্রতিদিন সকাল থেকেই যানজটে নাকাল হতে হয়, আজ সেখানে গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করছে। হর্নের শব্দ নেই, নেই কোনো তাড়াহুড়োর চাপ।

ফুটপাতের দোকানিরাও বসে আছেন ঢিলেঢালা ভঙ্গিতে। ক্রেতাদেরও নেই তেমন আনাগোনা। দুই একজন আসছেন ঘুরে চলে যাচ্ছেন।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সজিব। ছুটির দিন হলেও বাইরে বেরিয়েছেন।

ঢাকা মেইলের সঙ্গে কথা হলে তিনি বলেন, গতকাল রাতে অনেকেই শবে বরাতের ইবাদত-বন্দেগিতে সময় কাটিয়েছেন।

‘তাই আজ বেশিরভাগ মানুষ ঘুমিয়ে বা বিশ্রামে সময় কাটাচ্ছেন। কাজের চাপ নেই, অফিস নেই- এই সুযোগে শহরটা নিজেই একটু বিশ্রাম নিচ্ছে।’

মানুষের সমাগম না থাকায় সড়কে যাত্রী একেবারে কম। রিকশাচালক রহিমের মুখেও ছিল সেই কথা।

মগবাজার এলাকায় কথা হলে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘সাধারণ দিনে ভোর থেকেই অনেক যাত্রী পাওয়া যায়। আজ সকাল থেকে দুই-তিনজনের বেশি পাইনি।’

‘তবে রাস্তায় শান্তি আছে, জ্যাম নেই- এটাই ভালো লাগছে’, যোগ করেন রহিম।

Quiet_Dhaka_2
শবে বরাতের ছুটিতে রাজধানী ঢাকার সড়কের চিত্র। ছবি- ঢাকা মেইল

গুলিস্তান জিপিও’র সামনে যানবাহনের চাপ না থাকায় অনেকটাই অলস সময় পার করছিলেন দায়িত্বরত ট্রাফিক সদস্যরা।

এখানকার এক ট্রাফিক সার্জেন্ট বলেন, ‘আজ আমাদের কাজ অনেকটাই হালকা (চাপহীন)। গাড়ির চাপ নেই বললেই চলে। এমন দিন খুব কমই আসে।’

মূলত শবে বরাতের ছুটিকে কেন্দ্র করে অনেকেই আগেই রাজধানী ছেড়েছেন। তাদের অনেকেই গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন।

আবার অনেকেই গিয়েছেন ঢাকার বাইরে ঘুরতে। তাছাড়া অনেকে বৃহস্পতিবার এক দিনের ছুটি ম্যানেজ করে চারদিনের ছুটিতে গিয়েছেন। ফলে বড় অবকাশ পাওয়ায় প্রভাব পড়েছে ঢাকায়।

Quiet_Dhaka
শবে বরাতের ছুটিতে রাজধানী ঢাকার সড়কের চিত্র। ছবি- ঢাকা মেইল

এদিন জরুরি প্রয়োজন ছাড়া খুব কম মানুষই ঘর থেকেও বের হোননি। এসব কারণেই আজ রাজধানী হারিয়েছে তার চিরচেনা রূপ।

শহরে নেই  যানজট, নেই শ্রমজীবী ও কর্মজীবী মানুষের ভিড়। যারফলে শবে বরাতের ছুটিতে আজ সেই ব্যতিক্রমী দৃশ্যই যেন চোখে পড়েছে- একটা শান্ত, নিরিবিলি, ফাঁকা ঢাকা।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর