সিন্ডিকেট ও নানা হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম।
রোববার (৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে সংস্থাটির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
বিজ্ঞাপন
আজিজুল ইসলাম বলেন, আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি, রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে। ১০০ কোটি টাকা দেনা ছিল, সেটাও পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেনা দেওয়া হচ্ছে।
পদত্যাগকারী চেয়ারম্যান বলেন, নানাভাবে চেষ্টা করেছি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ঢেলে সাজাতে। কিন্তু সিন্ডিকেট এবং নানাভাবে হস্তক্ষেপের কারণে পেরে উঠতে পারছিলাম না, যার কারণে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ডের মেম্বার বোর্ড ইয়ার কমোডর (অব.) শাহে আলম, ডা. শেখ জাফর ও অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ।
গত মার্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।
বিজ্ঞাপন
ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আর্মড ফোর্সেস এ কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবে দায়িত্বরত ছিলেন। ১৯৮৫ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেখানেই তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৮৬ সালে তিনি মেডিকেল কোরে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৯ সালে ডা. মো. আজিজুল ইসলাম মেডিসিনে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আর্মড ফোর্সেস পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ইনিস্টিটিউট এবং ২০১৫ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টার থেকে মেডিকেল অনকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।
মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম ১৯৬২ সালের ১ জুন গাজীপুরের শ্রীপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৯ সালে নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। সমাজসেবায় নিয়োজিত ডা. মো. আজিজুল ইসলাম আছিয়া মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এসএইচ/জেবি

