রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় চাঁদাবাজদের গুলিতে একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা অস্ত্রধারী চাঁদাবাজ গ্রুপের সদস্য। গ্রেফতারকৃতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৫৭) ও মো. নূর আলম অনি (৩৩)। রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞাপন
ডিসি তালেবুর রহমান জানান, গত ১৭ জানুয়ারি বাড্ডা থানার চেয়ারম্যান বাড়ি এলাকার জুয়েল খন্দকার নামে একজনের কাছে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে একটি অস্ত্রধারী চাঁদাবাজ গ্রুপ। সে সময় তিনি চেয়ারম্যান বাড়ি মোড়ের একটি মহিলা সমিতির মিটিংয়ে ছিলেন। তিনি দাবি করা চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। কিছু সময় পর ৫/৬টি মোটরসাইকেলযোগে ১১/১২ জন দুষ্কৃতকারী মহিলা সমিতিতে আসে। জুয়েল সমিতির মিটিং থেকে বের হয়ে আসলে দুষ্কৃতকারীদের মধ্যে সুমন পিস্তল বের করে জুয়েলের ডান পায়ে গুলি করে। জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে আহত জুয়েল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ১৯ জানুয়ারি আহত জুয়েল খন্দকার বাড্ডা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫/৭ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা করেন।
তিনি বলেন, গতকাল রাতে দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত দেলোয়ার ও নূর আলম অনিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
এমআইকে/এফএ




