বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলি, শিশুসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলি, শিশুসহ আহত ৩
ছবি: ঢাকা মেইল

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


বিজ্ঞাপন


গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- আলাউদ্দিন আমিন (২৭), শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)। আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

জেনেভা ক্যাম্পে মাদকের ‘ফেরিওয়ালা’ পাঁচ শতাধিক

সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, আলাউদ্দিন আমিন নামে একজন চিকিৎসাধীন। ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে তিনি জানান, তিনি জেনেভা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা। পেশায় সেলুনকর্মী। বাচ্চাকে নিয়ে চিপস কিনতে গেলে পেছন দিক থেকে আসা একটি গুলি লাগে তার পায়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

JJ


বিজ্ঞাপন


স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় হঠাৎ করে জেনেভা ক্যাম্পের ভেতরে ভয়াবহ গোলাগুলি শুরু হয়। গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ুন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। সন্ধ্যার পর থেকে গুলির শব্দে পুরো এলাকার দোকানপাট ও যান চলাচল থমকে যায়। থেমে থেমে রাতেও গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

বিরিয়ানির দোকানের আড়ালে মাদক কারবার ও ছিনতাই

ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে ভুইয়া সোহেল গ্রুপ ও পারমনু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বেশ কিছু দিন ধরে এই সংঘর্ষ চললেও স্থানীয় থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর শক্ত কোনো পদক্ষেপ না থাকায় দিন দিন তা আরও ভয়াবহ আকার ধারণ করছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার ঢাকা মেইলকে বলেন, ‘এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। তবে থানায় লোকবল কম থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে আমাদের।’

কারই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর