শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাসি ভাত দিয়ে বানান মজাদার এই খাবারগুলো

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৩, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

বাসি ভাত দিয়ে বানান মজাদার এই খাবারগুলো

বেশি ভাত রান্না করে ফেলেছেন। খাওয়া হয়নি বলে বাসি ভাত ফেলে দেবেন ভাবছেন? খাবার অপচয় করা কিন্তু মোটেও ভালো অভ্যাস নয়। বাসি ভাত ফেলে না দিয়ে মজার কিছু বানিয়ে ফেলতে পারেন।

চলুন এমন কিছু সুস্বাদু খাবার সম্পর্কে জেনে নিই যেগুলো আপনি খুব সহজেই বাসি ভাত দিয়ে তৈরি করতে পারবেন- 


বিজ্ঞাপন


rice

ভাত ভাজা

বাসি ভাত দিয়ে তৈরি এই পদটি কিন্তু ছোট-বড় সবার বেশ প্রিয়। ইফতার বা সন্ধ্যার নাশতা হিসেবে তৈরি করতে পারেন এটি। অনেকটা ফ্রায়েড রাইসের মতো এই খাবারটি নিজের পছন্দমতো রেসিপিতে তৈরি করা যায়। 

পছন্দমতো সবজি ছোট-ছোট করে কেটে নিন। চাইলে অল্প চিংড়ি বা মুরগির মাংস সেদ্ধ করে দিতে পারেন। হাতের কাছে সবজি বা মাংস না থাকলে ডিম ভেজে নিতে পারেন। কড়াইতে তেল দিন। এতে ভাতের সঙ্গে সব সবজি ও অন্যান্য উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নিন। একটু মাখন আর গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলে এই খাবারের স্বাদ আরও বেড়ে যাবে। 


বিজ্ঞাপন


rice

রাইস পাকোড়া

চিকেন পাকোড়ার মতো রাইস পাকোড়াও কিন্তু খেতে ভীষণ মজার। বাসি ভাত দিয়ে তৈরি করতে পারেন মজার এই খাবারটি। একটি বাটিতে ভাত নিয়ে তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি মেশান। পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে চটকে নিন। এবার ছোট ছোট মণ্ড তৈরি করুন। 

একটি পাত্রে বেসন গুলে মণ্ডগুলো ডুবো তেলে ভেজে নিন। সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন। 

rice

লেমন রাইস

কড়াইয়ে তেল গরম করে তাতে পছন্দের সবজি ভেজে নিন। এর সঙ্গে একটু কাজুও ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেলে সবজি ও কাজু সরিয়ে রাখুন। এবার তেলের মধ্যে সরিষা আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিন। কাঁচা মরিচ আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। উপর থেকে বাসি ভাত যোগ করে সবজি দিয়ে দিন। সামান্য চিনি দিয়ে লেবুর রস দিয়ে দিন। টক-ঝাল লেমন রাইস খেতে মন্দ লাগবে না।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর